স্টাফ রিপোর্টার | ঢাকা | ২৬ আগস্ট ২০২৫
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে হিজাব পরায় ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণি থেকে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে বের করে দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৪ আগস্ট ষষ্ঠ শ্রেণির শেষ পিরিয়ডে ছাত্রীদের হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ওই শিক্ষিকার বিরুদ্ধে। অভিভাবকদের অভিযোগ, এ সময় শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়।
তবে অভিযুক্ত শিক্ষিকা দাবি করেন, স্কুলের ড্রেস কোড অনুযায়ী শুধু সাদা স্কার্ফ পরার অনুমতি আছে। কিন্তু অনেক শিক্ষার্থী ওড়না পরে এসেছিল, তাই তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও সাধারণ শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।











