ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘সম্মিলিত ছাত্র ঐক্য’ নামে তিনজনের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।
প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জান্নাতি বুলবুল, জিএস পদে মাহমুদুল হাসান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্টাডি ফোরাম) এবং সদস্য পদে তালহা নেগাবান। তবে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেল গঠন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
ভিপি প্রার্থী জান্নাতি বুলবুল বলেন, “আগামী ২৬ আগস্ট মনোনয়ন চূড়ান্ত হবার পর পূর্ণাঙ্গ প্যানেল উপস্থাপন করব। সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কমিটমেন্ট এবং বিশ্বাস।”
সংবাদ সম্মেলনে তিনি ডাকসুর ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ৭ দফা অঙ্গীকার তুলে ধরেন। সেগুলো হলো—
1️⃣ ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা
2️⃣ সবার জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ
3️⃣ শিক্ষার্থীবিরোধী রাজনৈতিক দাপট ও লেজুড়বৃত্তি মুক্ত পরিবেশ
4️⃣ গেস্টরুম নির্যাতন, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত বৈষম্যহীন ক্যাম্পাস
5️⃣ শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাবার ও ভাতা নিশ্চিত
6️⃣ প্রথম বর্ষ থেকেই বৈধ সীট বরাদ্দ
7️⃣ শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ
জান্নাতি বুলবুল মনে করিয়ে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই স্বাধীনতা আন্দোলন ও ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান সূচিত হয়েছিল। তাই ডাকসুর নেতৃত্বে নতুন ধারার প্রতিশ্রুতি দিচ্ছে ‘সম্মিলিত ছাত্র ঐক্য’।











