চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
প্রতিবছরের মতো এবারও মোট ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এর মধ্যে ১ হাজার ১২৫ জন পাবেন মেধাবৃত্তি, আর ৯ হাজার ৩৭৫ জন পাবেন সাধারণ বৃত্তি।
বোর্ডগুলোর কাছে শিক্ষার্থী তথ্য চেয়েছে মাউশি
এই কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে শিক্ষার্থীদের তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) মাউশির পাঠানো একটি অফিসিয়াল চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত ছকে প্রতিটি বোর্ডকে নিচের তথ্য পাঠাতে হবে—
-
পরীক্ষায় অংশ নেওয়া নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা,
-
উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা,
-
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা,
-
জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা।
বৃত্তির পরিমাণ কত?
মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা করে বৃত্তি পাবেন। এছাড়া বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে।
অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩৭৫ টাকা করে ভাতা পাবেন এবং এককালীন ৭৫০ টাকা প্রদান করা হবে।
শুধু নিয়মিত উত্তীর্ণরাই পাবেন সুযোগ
এই বৃত্তি শুধু নিয়মিতভাবে এসএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। শিক্ষা বোর্ডগুলোর পাঠানো তথ্য বিশ্লেষণের পর বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করবে মাউশি।











