আগামী রোববার (১০ আগস্ট) সকাল ১০ টায় এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার(৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২৫-এর পুন:নিরীক্ষণের ফলাফল আগামী ১০ আগস্ট রোববার সকাল ১০ টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
এর আগে খাতা চ্যালেঞ্জের আবেদন শেষ হয়েছে ১৭ জুলাই সন্ধ্যা ৬টায়। যা শুরু হয়েছিলো গত ১১ জুলাই।
প্রসঙ্গত, এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই দুপুর ২টায় প্রকাশ করা হয়। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের প্রতিবারের মত এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ দেয়া হয়েছে।
খাতা পুন:নিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ জুলাই থেকে ১৭ জুলাইয়ের পর্যন্ত আবেদন করেছেন পীরক্ষার্থীরা। আবেদনের পদ্ধতি শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে আবেদন পদ্ধতি জানানো হয়েছে।
উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
















