গোপালগঞ্জ | ৩১ জুলাই ২০২৫
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শেখ রাসেল হলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৬টায় শেখ রাসেল হলের সামনে তারা এই মানববন্ধনে অংশ নেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাতের আঁধারে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, জিআই পাইপ, স্ট্যাম্প ও লাঠিসোঁটা নিয়ে হলে ঢুকে রুমে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তারা জানান, ঘটনার সিসিটিভি ফুটেজে হামলাকারীদের পরিচয় স্পষ্টভাবে ধরা পড়েছে।
তিন দিনের আল্টিমেটাম
মানববন্ধনে বক্তারা বলেন,
“হামলায় জড়িতদের আগামী তিন দিনের মধ্যে শেখ রাসেল হল থেকে আজীবন বহিষ্কার করতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকেও একাডেমিকভাবে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তীতে সৃষ্ট অস্থিরতার পূর্ণ দায় প্রশাসনকেই নিতে হবে।”
রাজনৈতিক নিরপেক্ষ অবস্থান
শিক্ষার্থীরা আরও বলেন,
“আমাদের মানববন্ধন কোনো রাজনৈতিক দল বা বিভাগের বিরুদ্ধে নয়। শেখ রাসেল হলে আমরা সবাই একটি পরিবারের মতো। তাই আমরা রাজনীতি নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
হামলার ঘটনার পরপরই শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মানববন্ধন থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।













