২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই, ২০২৫ থেকে জুন ৩০, ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস ছুটি থাকবে মোট ৭৫ দিন। গত ১৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ ছুটির তালিকার বিজ্ঞপ্তি অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, মহররম (আশুরা) উপলক্ষ্যে ৫ থেকে ৬ জুলাই দুই দিন; দূর্গা পূজা, শরৎকালীন ছুটি, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষী পূজা উপলক্ষ্যে ২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর মোট ৯ দিন; বিশ্ববিদ্যালয়ের শোক দিবস উপলক্ষ্যে ১৫ অক্টোবর ১ দিন; শীতকালীন ছুটি, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস উপলক্ষ্যে ৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ১৬ দিন; যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর একদিন; শবে মেরাজ উপলক্ষ্যে একদিন; শবে বরাত উপলক্ষ্যে একদিন; শবে কদর, জুমুআ-তুল-বিদা, ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ ১০ দিন; মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ একদিন; ইস্টার সানডে উপলক্ষ্যে একদিন; বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল একদিন; বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে একদিন; গ্ৰীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ মে থেকে ২১ জুন ২৯ দিন ক্লাস ছুটি থাকবে।
এছাড়াও এতে বলা হয়, সমাবর্তনের দিন/দিনসমূহ বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ছুটি থাকবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাকসু সংসদ ও হল সংস্থাসমূহের নির্বাচনের দিন ক্লাস সমূহ ছুটি থাকবে।
এর বাইরে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঈদ-ই-মিলাদুন্নবি, স্বরস্বতীপূজা ও মে দিবস সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং জন্মাষ্টমী, শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সাপ্তাহিক ছুটি শনিবার হওয়ার ছুটির দিন হিসেবে তা উল্লেখ করা হয়নি।










