প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই কয়েক ডজন নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
ক্ষমতা গ্রহণের প্রথমদিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে পারেন এমন আলোচনা আগেই ছিল। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই তিনি এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেছেন।
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) ওভাল অফিসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার এক আদেশে স্বাক্ষর করার পর ট্রাম্প বলেন, ‘ওহ, এটা একটা বড় পদক্ষেপ।
বিশ্ব সাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক এই সংস্থাটিতে বেশি অর্থ দিতে হয়।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে ট্রাম্প বলেন, শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি।
তার কিছুক্ষণ পরই ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে শুরুতেই তিনি বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন। এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশেও সই করেছেন ট্রাম্প।















