ময়মনসিংহে আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য কলেজ হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে আগামী তিন দিন শ্রেণি কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়।
রোববার (১২ জানুয়ারি) রাত পৌনে ৮টায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।
পরে উপস্থিত সেনাবাহিনী ও প্রশাসনের সদস্যদের সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ এই ঘোষণা দেন। তবে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকাকালীন পূর্বনির্ধারিত পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক চলবে এবং মেয়েরা হলে থাকবে স্বাভাবিক।
শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়ে হল সুপার মো. শাহজাহান করিম বলেন, হলের সিট বরাদ্দের নবায়ন নিয়ে হলে থাকা শিক্ষার্থীদের সঙ্গে হলের বাইরে থাকা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুনির্দিষ্টভাবে ছাত্রদল বা একক কোনো ছাত্র সংগঠন জড়িত না। সাধারণ শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে এই ঘটনা ঘটেছে।
এর আগে, রোববার বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত। এতে আহত হন প্রায় ১০ জন।
খবর পেয়ে সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন যেন আর কোনো বিশৃঙ্খলা না ঘটে সে বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে আছে।
আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ বলেন, হলের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। এতে কোনো একক ছাত্র সংগঠন জড়িত না।















