মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রেখে ফল প্রকাশের প্রতিবাদে এবং অবিলম্বে ফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় তারা ‘অবিলম্বে ফলাফল বাতিল করো করতে হবে’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘মেডিক্যালের ফলাফল-পুনঃপ্রকাশ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
আরো পড়ুন: মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছেন এক কলেজের ৫৩ শিক্ষার্থী
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে নিটোরের সহযোগী অধ্যাপক ডা. ইদ্রিস আলী বলেন, আমার একজন ছেলে বা মেয়ে ৭৩ পেয়েও মেডিক্যালে চান্স পাচ্ছে না অথচ মুক্তিযোদ্ধা কোটায় ৩৬ বা ৩৭ পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কেনো এই বৈষম্য থাকবে। আমরা এই ফল মানি না।
শিক্ষার্থীরা বলেন, প্রয়োজনে আমরা ঢাকা মেডিক্যালসহ সারাদেশের সব মেডিক্যালের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামবো। সুতরাং এই আন্দোলনকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও শিক্ষকরা এসে সংহতি জানান।















