ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়: ৪০% অনলাইন, ৬০% সশরীরে ক্লাস

Image

ঢাকা মহানগরীর সরকারি সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ শতাংশ ক্লাস হবে অনলাইনে, আর ৬০ শতাংশ সশরীরে। সব পরীক্ষা হবে সশরীরে।

সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মজিবর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড। প্রথম ৪ সেমিস্টারে পড়ানো হবে নন-মেজর, পরে মেজর কোর্স। পঞ্চম সেমিস্টারে শর্তসাপেক্ষে ডিসিপ্লিন পরিবর্তনের সুযোগ থাকলেও ক্যাম্পাস পরিবর্তন সম্ভব নয়

বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালিত হবে চারটি স্কুলভিত্তিক। সাতটি কলেজকে বিভক্ত করে এসব স্কুলে পাঠদান ও গবেষণা চলবে। উদাহরণস্বরূপ, স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজ।

প্রত্যেক শিক্ষার্থীকে ল্যাপটপ ও সস্তায় ইন্টারনেট সুবিধা দেওয়া হবে। ভর্তি, আবেদন, রেজিস্ট্রেশনসহ সব প্রশাসনিক কাজ হবে ডিজিটাল প্ল্যাটফর্মে

কলেজের উচ্চমাধ্যমিক ধারা অক্ষুণ্ণ থাকবে। শিক্ষকরা আগের মতোই কলেজে থাকবেন। বিশ্ববিদ্যালয় স্তরের জন্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

২০২৫ সালের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হবে। তবে চলতি বছরের ভর্তি বিদ্যমান নিয়মেই হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি ঘিরে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে সাত কলেজের জন্য এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।