ফিলিস্তিনের অবরুদ্ধ ভূ-খণ্ড গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ‘ক্লাস ও পরীক্ষা বর্জন’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সংহতির অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করা হচ্ছে। এ কর্মসূচি চলবে বেলা ১২টা পর্যন্ত।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সংহতি জানিয়ে আজ সোমবার বাংলাদেশেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরেশোরে এ কর্মসূচি পালিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, আজ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ক্লাস-পরীক্ষা হবে না।
এ ছাড়া মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।










