সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগবিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত নিয়ম অনুযায়ী আগামী আগস্টের শেষ সপ্তাহে নতুন নিয়োগবিধি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
নিয়োগবিধি প্রকাশের পরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার প্রায় ১৭ হাজার প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।
এবারের নিয়োগে সহকারী শিক্ষক (সংগীত) পদে ২ হাজার ৫৮৩ জন এবং সহকারী শিক্ষক (শরীরচর্চা) পদে আরও ২ হাজার ৫৮৩ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, সংশোধিত নিয়োগবিধি আইন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। এতে নারী কোটা ও পোষ্য কোটা বাতিলসহ একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। বিধিমালা চূড়ান্ত হওয়ার পরদিনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই পরিবর্তনগুলোর ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।















