দুর্নীতি ও পেশাগত অসদাচরণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহীরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।
১৮ জুলাই কমিটির সভাপতি মো. মোফাজ্জল হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, কর্তব্যে অবহেলা, নৈতিক স্খলনসহ ১৭টি অভিযোগ আনা হয়। কারণ দর্শানোর নোটিশে জবাব না দেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
তদন্তে আর্থিক লেনদেনসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়ার দাবি করেছে কমিটি। এ বিষয়ে ইউএনওকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
অভিযোগ অস্বীকার করে জহীরুল ইসলাম বলেছেন, ১৫ বছরের হিসাব ১০ কর্মদিবসে দেওয়া সম্ভব নয়, এজন্য সময় চেয়েছিলেন। তিনি অভিযোগগুলোকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন।
তবে কসবা ইউএনও জানিয়েছেন, বরখাস্তের আগে তদন্ত কমিটি গঠন করা বিধিমালার শর্ত ছিল, যা মানা হয়নি।










