দেশের বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজের ৫৪৭ জন শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন। এর মধ্যে স্কুলের ৩৬৭ জন এবং কলেজের ১৮০ জন শিক্ষক রয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সেপ্টেম্বর মাসের এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। প্রতি বিজোড় মাসে এই সভা অনুষ্ঠিত হয়ে থাকে। সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।
স্কুলে এমপিওভুক্ত শিক্ষক
বরিশাল অঞ্চলে ২৩ জন, চট্টগ্রামে ২, কুমিল্লায় ২, ঢাকায় ৩৪, খুলনায় ৪০, ময়মনসিংহে ৩২, রাজশাহীতে ৯৮, রংপুরে ১৩১ এবং সিলেট অঞ্চলে ৫ জন শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন।
কলেজে এমপিওভুক্ত শিক্ষক
বরিশালে ২৭ জন, চট্টগ্রামে ২, কুমিল্লায় ৪, ঢাকায় ৪০, খুলনায় ৯, ময়মনসিংহে ৯, রাজশাহীতে ৪১, রংপুরে ৪৩ এবং সিলেট অঞ্চলে ৫ জন কলেজ শিক্ষক এমপিওভুক্ত হয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “আবেদন যাচাই–বাছাই শেষে এসব শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে তারা সরকারি অংশের বেতন–ভাতা পাবেন।”











