স্টাফ রিপোর্টার | ৩ নভেম্বর ২০২৫
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য টেলিটকের সঙ্গে বৈঠক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
সোমবার (৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে অনলাইন আবেদন প্রক্রিয়া দ্রুত শুরু করার বিষয়ে আলোচনা হয়। ডিপিইয়ের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই দ্রুত সার্কুলার প্রকাশের জন্য টেলিটকের সঙ্গে আজ একটি মিটিং করেছি। টেলিটককে অনলাইন আবেদন সফটওয়্যার ডেভেলপ করতে বলা হয়েছে।”
আরো পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন, নতুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়
তিনি আরও জানান,“খুব অল্প সময়ের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”
এর আগে রবিবার (২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন প্রকাশ করে।
নতুন সংশোধনী অনুযায়ী,২০% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য এবং ৮০% পদ বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারীদের জন্য নির্ধারিত থাকবে।এর ফলে বিজ্ঞান বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ে স্নাতকদের অন্তর্ভুক্তি আরও স্পষ্ট ও সম্প্রসারিত হয়েছে।
🔹 নিয়োগ কাঠামো ও যোগ্যতা
বিধিমালার সংশোধিত তফসিল–১ অনুযায়ী—নিয়োগ হবে মেধাভিত্তিক প্রক্রিয়ায়।
প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
উপজেলা বা থানাভিত্তিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
৫% কোটা সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পরিবারের সন্তানদের জন্য।
২০২৫ সালের ২৮ আগস্ট প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালায় সরাসরি নিয়োগযোগ্য ৯৩% পদ মেধাভিত্তিক প্রার্থীদের দ্বারা পূরণ করার কথা বলা হয়েছিল।নতুন প্রজ্ঞাপনে “বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন” শব্দ যুক্ত করে সেই ধারা আরও স্পষ্ট করা হয়েছে।















