স্টাফ রিপোর্টার | ২২ অক্টোবর ২০২৫
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (২২ অক্টোবর) এ নির্দেশিকা প্রকাশ করা হয়।
নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষক নিয়োগের জন্য প্রত্যাশী প্রতিটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে নতুন ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে অথবা পুরনো প্রোফাইল হালনাগাদ করতে হবে। নির্ধারিত সময় শেষে কোনো প্রতিষ্ঠান আর আবেদন করতে পারবে না।
ই-রিকুজিশন ছাড়া নিয়োগ নয়
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ই-রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রতিষ্ঠান ই-রিকুজিশন (অনলাইন চাহিদা) দিতে পারবে না। আর ই-রিকুজিশন ছাড়া কোনো প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএর বিবেচনায় আসবে না।
প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগের জন্য এনটিআরসিএ শুধুমাত্র নিবন্ধিত প্রার্থীদের মধ্য থেকে পছন্দক্রম ও মেধার ভিত্তিতে সুপারিশ করবে।
এনটিআরসিএ স্পষ্ট করেছে, অফলাইনে, ই-মেইলে বা হার্ডকপি আকারে কোনো শূন্যপদ গ্রহণ করা হবে না। শুধু অনলাইনে নির্ধারিত প্ল্যাটফর্মে আবেদন করতে হবে।
🔗 অফিসিয়াল ওয়েবসাইট: www.ntrca.gov.bd
ই-রেজিস্ট্রেশনের যোগ্যতা ও প্রক্রিয়া
ই-রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই পাঠদানের অনুমতিপ্রাপ্ত (EIIN নম্বরধারী), একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত এবং এমপিওভুক্ত হতে হবে।
যেসব প্রতিষ্ঠান প্রথমবার ই-রেজিস্ট্রেশন করবে, তাদের প্রধানকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও)–এর মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইউএসইও যাচাই করবেন প্রতিষ্ঠানের তথ্য, অনুমতিপত্র ও স্বীকৃতি। যাচাই শেষে টেলিটক থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।
প্রধান শিক্ষক লগইন করে নিজের প্রোফাইলে প্রতিষ্ঠানের নাম, ধরণ, এমপিও স্ট্যাটাস, চেয়ারম্যানের তথ্য, ছবি ও স্বাক্ষর আপলোড করতে পারবেন।
সময়সীমা ২৩ অক্টোবর থেকে ৫ নভেম্বর
এনটিআরসিএ জানিয়েছে, ২৩ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলবে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইটে “ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা” মেনুতে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শূন্যপদের তথ্য পাঠাতে বা শিক্ষক নিয়োগের জন্য বিবেচিত হবে না।











