বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম এ টি এম শহিদুল ইসলাম। তিনি গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত বলে জানা গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালের দিকে তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
জানা গেছে, শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যান তারেক রহমান। এ সময় তাকে লক্ষ্য করে ‘চাঁদাবাজ’ বলে মন্তব্য করেন ওই ব্যক্তি। এতে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তাকে চড়-থাপ্পড় মারেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘চাঁদাবাজ’ ও ‘সন্ত্রাসী’ বলে মন্তব্য করায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
আটক শহিদুল চব্বিশের গণ-অভ্যুত্থান কেন্দ্রিক একটি সামাজিক সংগঠন পরিচালনা করেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।











