ঢাকা, ৯ নভেম্বর:
দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে শিক্ষক সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
এর ফলে সারা দেশের ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা পাঠদান থেকে বিরত থাকেন। ফলে ক্লাস না করেই বাড়ি ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের।
দশম গ্রেডে বেতন-ভাতাসহ তিন দফা দাবিতে গত শনিবার (৮ নভেম্বর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সহকারী শিক্ষকরা।
আরো পড়ুন: থানার ভেতরেই অনশন: আটক ৫ শিক্ষক, সারাদেশে প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
মূলত, তাদের কর্মসূচি ১৫ নভেম্বর থেকে কর্মবিরতিতে যাওয়ার কথা ছিল। কিন্তু শাহবাগে ‘কলম সমর্পণ’ কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় তারা কর্মসূচিটি আগাম শুরু করেন।
শিক্ষকদের দাবি:
১। সহকারী শিক্ষকদের বেতন-ভাতা দশম গ্রেডে উন্নীতকরণ
২। ১০ ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন
৩। শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন—
“ঢাকায় যেভাবে আমাদের শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে, তাতে প্রাথমিক শিক্ষক সমাজ ক্ষুব্ধ। অনেক শিক্ষক-শিক্ষিকা রক্তাক্ত হয়েছেন, কারও হাতে-পায়ে বুলেটের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। কয়েকজনকে আটকও করা হয়েছে। এমন অবস্থায় সারাদেশে সর্বাত্মক কর্মবিরতি চলছে, এবং যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত এটি চলবে।”
অভিভাবকরা জানিয়েছেন, বার্ষিক পরীক্ষার আগে এমন কর্মবিরতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন শিক্ষার্থীরা। নিয়মিত ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।











