শেনজেনভুক্ত দেশগুলোয় ২০২৪ সালে যেসব দেশের ভিসা আবেদন সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করা হয়েছে, সেগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ তিনে। সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ কমোরোসের নাগরিকদের। এরপর যথাক্রমে রয়েছে বাংলাদেশি ও পাকিস্তানিরা।
গতকাল মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে শেনজেন নিউজ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কমোরোসের ১ হাজার ৭৫৪ নাগরিকের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। দেশটি থেকে ২ হাজার ৮৫৩ নাগরিক ভিসার আবেদন করেছিলেন; যা মোট আবেদনের ৬২ দশমিক ৮ শতাংশ।
২০২৪ সালে বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন করা হয়েছিল ৩৯ হাজার ৩৪৫টি। এর মধ্যে ২০ হাজার ৯৫৭টি আবেদন প্রত্যাখ্যান করা হয়; যা মোট আবেদনের ৫৪ দশমিক ৯০ শতাংশ।
আর পাকিস্তানিদের ৭৮ হাজার ৩৬২ নাগরিক ভিসার আবেদন করেন। এর মধ্যে ৩৫ হাজার ১৩৯টি প্রত্যাখ্যান করা হয়েছিল; যা মোট আবেদনের ৪৭ দশমিক ৫ শতাংশ।
শেনজেন নিউজ জানিয়েছে, ২০২৩ সালে ৪১ হাজার ৩১৭ জন বাংলাদেশি ভিসার আবেদন করেছিলেন। যার মধ্যে ১৭ হাজার ১৫টি প্রত্যাখ্যান করা হয়। ওই বছর প্রত্যাখ্যানের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ। আবেদন প্রত্যাখ্যান করার বিষয়টি ২০২৩ সালের তুলনায় ইতিবাচক না হয়ে ২০১৪ সালে আরও নেতিবাচক হয়েছে। যদিও ২০২৪ সালের তুলনায় ২০২৩ সালে আবেদনকারীর সংখ্যা বেশি ছিল।
গত বছর সুইডেন বাংলাদেশিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে সংস্থাটি। অন্যদিকে পাকিস্তানিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া। আর কমোরোসের নাগরিকদের ভিসা সর্বোচ্চ প্রত্যাখ্যান করেছে ফ্রান্স।













