গাইবান্ধা সিদ্দিকিয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব অধ্যক্ষ শরীফ মোঃ আবু ইউসুফসহ ২১ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
চলমান দাখিল পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা ও পরীক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়।
শুক্রবার সকালে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার ওই মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা চলছিল। গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদ আল হাসান কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেন ১৪টি কক্ষে পাশপাশি পরীক্ষার্থীদের এম সি কিউ (বহু নির্বাচনী) একই সেট কোডে বিশেষ সুবিধা দিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে। এ ঘটনায় ওই মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শরীফ মোঃ আবু ইউসুফসহ পরীক্ষার দায়িত্বে থাকা ২১ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়। এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
এছাড়া উত্তরপত্র যাচাই করে ৪৭ জন পরীক্ষার্থীর এমসিকিউ (বহু নির্বাচনী) পরীক্ষার উত্তরপত্র পুনরায় তাদের নির্ধারিত সেট কোডে পূরণ করানো হয়।
ওই কেন্দ্র সচিব শরীফ মো. আবু ইউসুফ জানান, কেন্দ্র সচিব হিসেবে সব কক্ষে খবর রাখা সম্ভব হয় না। শিক্ষকদের গাফিলাতির কারণে এমনটি হয়েছে। তারা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারেন।











