দেশের ২৪টি সাধারণ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পদ্ধতি বহাল রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যার পরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নেয় কমিশন।
এর আগে তারা ‘লং মার্চ টু ইউজিসি কর্মসূচি পালন করে ইউজিসি কার্যালয়েন সামনে অবস্থান নেন। তার আগে আজ রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশন এলাকায় জড়ো হন তারা। পরে ইউজিসি কার্যালয়ের কর্তৃপক্ষের আহ্বানে বৈঠকে বসেন। পরে ইউজিসি চেয়ারম্যানের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা বরাবর একটি আবেদন জমা দেন।
আরো পড়ুন: গুচ্ছ পদ্ধতি বহালের দাবি: শিক্ষার্থীদের মন্ত্রণালয়ে আবেদনের পরামর্শ
শিক্ষার্থীরা জানিয়েছে, আগের শিক্ষাবর্ষের মতো এবারও ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা চান তারা। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অভিমুখে লং মার্চ করে তারা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভাষ্য, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হলে সময় ও অর্থ সাশ্রয় হয়, ভোগান্তি কমে। নিম্ন আয়ের পরিবারের সন্তানদের ভর্তির সুযোগ সৃষ্টি হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে পরীক্ষা নিলে অনেকে পরীক্ষা দেয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
তারা বলছেন, গুচ্ছ থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়গুলো আলাদা ভর্তি পরীক্ষা নিলে অনেকে টাকার অভাবে আবেদন করতে পারবেন না। পাশাপাশি খরচ ও ভোগান্তি বাড়বে। এ কারণে গুচ্ছ বহালের দাবিতে আন্দোলন করছেন তারা।
















