মাধ্যমিকে বই পায়নি ফেনীর ৯২ শতাংশ প্রতিষ্ঠান, শিক্ষা কার্যক্রম ব্যাহত

Image

নতুন বছরের ১৩ দিন পেরিয়ে গেলেও ফেনীতে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ৯২ শতাংশ বই এখনও সরবরাহ করা সম্ভব হয়নি। সাধারণত বছরের প্রথম দিনেই বই বিতরণ শুরু হলেও এবারের পরিস্থিতি ভিন্ন।

বইয়ের সংখ্যা অপ্রতুল হওয়ায় সংকটে পড়ছে শিক্ষার্থীরা এতে ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সংশ্লিষ্ট দপ্তরের মতে, রাজনৈতিক পটপরিবর্তন, শিক্ষাক্রম পরিবর্তন, এবং বই পরিমার্জনের কাজে বিলম্বের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এদিকে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফেনীর মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে ৩ লাখ ৬৬ হাজার ৮৭৮ শিক্ষার্থীর জন্য ৩৭ লাখ ৩২ হাজার ৭৭৬টি বই প্রয়োজন। এখন পর্যন্ত পাওয়া বইয়ের সংখ্যা মাত্র ৩ লাখ ১৬ হাজার ২৪০টি। উপজেলাগুলোর চিত্র: ফেনী সদর উপজেলায় ১ লাখ ৩ হাজার, দাগনভূঞায় ৯৫ হাজার ২০, পরশুরামে ২০ হাজার ৫২৪, ছাগলনাইয়ায় ৩৯ হাজার ৯১, সোনাগাজীতে ৪২ হাজার ৩৭০ এবং ফুলগাজীতে ১৬ হাজার ২৩৫টি বই সরবরাহ করা হয়েছে। সূত্র আরও জানিয়েছে, চাহিদা অনুযায়ী এখনো সব বই সরবরাহ করা সম্ভব হয়নি। তবে প্রতিদিন এক-দুই বিষয়ের বই সরবরাহের কাজ চলমান রয়েছে।

অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষে ফেনীর প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য মোট ৫ লাখ ৬৬ হাজার ৫৭৬টি বই বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব বই বিতরণ সম্পন্ন হয়েছে। প্রাক-প্রাথমিকসহ প্রথম তিন শ্রেণির শিক্ষার্থীরা সকল বই পেলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এখনও দুই- একটি বই ছাড়া বাকিগুলো পায়নি।

যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থী আগামী মাসের (ফেব্রুয়ারি) মধ্যে সব পাঠ্যবই পাবে। এ রকম পরিস্থিতিতে এনসিটিবির ওয়েবসাইটে দেওয়া পাঠ্যবইয়ের পিডিএফ ভার্সনের ওপর অনেকে নির্ভর করছে। কিন্তু সেখানে পাঠ্যবই ডাউনলোড করতে অসুবিধায় পড়ছেন। এছাড়া পিডিএফ ভার্সন থেকে বই পড়তে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা

নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করতে বিলম্ব হচ্ছে। শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বই থেকে পরিচালিত হয়। কিন্তু হঠাৎ পিডিএফ থেকে পড়াতে আমাদের শিক্ষকদের বেশ অসুবিধায় পড়তে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, এক-দুইটি বিষয়ের বই ছাড়া শিক্ষার্থীরা এখনও সবগুলো বই পায়নি। ফলে ওই এক-দুইটি বিষয়ের ওপর ক্লাস নিয়ে মাত্র ১-২ ঘণ্টা করিয়ে ছুটি দিয়ে দিতে হচ্ছে।

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া আফরোজ বলেন, বই হাতে না পাওয়ার কারণে এখনো ক্লাসে যোগ দিতে পারছি না। নতুন বছর শুরু হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় পাঠ্যবই না পাওয়ায় পড়াশোনায় পিছিয়ে পড়ছি। বই ছাড়া ক্লাসে অংশগ্রহণ করা এবং পাঠ্যসূচি অনুসরণ করা অসম্ভব হয়ে পড়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।