ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: হল প্রভোস্টসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জলকে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হল প্রভোস্ট অধ্যাপক শাহ মুহাম্মদ মাসুমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে তোফাজ্জলের ফুফাতো বোন মোসা. আসমা আক্তার এ মামলার আবেদন করেন।

এ মামলার অপর আসামির হলেন- জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, আবদুস সামাদ, মোত্তাকিন সাকিন শাহ, আল হোসাইন সাজ্জাদ, ওয়াজিবুল আলম, আহসান উল্লাহ, ফজলে রাব্বি, ইয়ামুস জামান, রাশেদ কামাল অনিক, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান ও মো. সুলতান। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তবে এ ঘটনায় শাহবাগ থানায় আরেকটি মামলা থাকায় আপাতত এই মামলার তদন্ত কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবী জিয়াউর রহমান। আগের মামলাটির তদন্ত সাপেক্ষে তোফাজ্জল পরিবারের মামলাটি সচল হবে।

গত ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে রাতে হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তোফাজ্জল। এ সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে ফজলুল হক মুসলিম হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যান। মোবাইল চুরির অভিযোগ করে তারা ওই যুবককে এলোপাতাড়ি চর-থাপ্পড় ও কিল-ঘুসি মারেন।

পরবর্তীতে হলের ক্যান্টিনে নিয়ে তাকে খাবার খাওয়ানো হয়। পরে আবারও গেস্ট রুমে নিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র তাকে বেধড়ক মারধর করলে তোফাজ্জল অচেতন হয়ে পড়ে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।