প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, আমরা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও পার্থক্য করি না। সব শিক্ষার্থীই আমাদের সন্তান ও ভবিষ্যৎ। তবে জ্ঞান অর্জনই মূল কথা। আর সব শিক্ষার্থীকে জনগণ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল অার্টস বাংলাদেশের (ইউল্যাব) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় আনুষ্ঠানিকভাবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের এক হাজার ৩২৫ জন গ্র্যাজুয়েটকে স্বীকৃতি দিয়ে সনদ প্রদান করেন শিক্ষামন্ত্রী।
ইউল্যাবের চতুর্থ এই সমাবর্তনে সমাবর্তন বক্তা ছিলেন অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি হিসেবে সমাবর্তনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সহ-সভাপতি ড. কাজী আনিস আহমেদ এবং ইউল্যাব ট্রাস্টি বোর্ডের সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কাজী এনাম আহমেদ। অনুষ্ঠানে গ্র্যাজুয়েট সনদধারীদের ঘোষণা দেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। এ সময় তিনি ইউল্যাবের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের অবদানের কথাও উল্লেখ করেন। বিজয়ের মাসে অনুষ্ঠিত এই সমাবর্তন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।







