২০ হাজার টাকা ইন্টার্নশিপ ভাতা ও সরাসরি প্রথম শ্রেণিতে নিয়োগসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে “বিএসসি নার্স মানেই পেশাদার নেতৃত্ব”, “যোগ্য শিক্ষক চাই, অজুহাত নয়”, “ইন্টার্ন মানেই কাজ, চাই তার মর্যাদা” শ্লোগান দেন।
রোববার (৪ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, কারিকুলামের অব্যবস্থাপনা, অযোগ্য শিক্ষক নিয়োগ এবং পেশাগত স্বীকৃতির অভাবে তারা ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা। পরীক্ষার তারিখ নির্ধারণ করে হঠাৎ তা বাতিল বা পেছানো শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
রাজীব হোসেন নামে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ইন্টার্নশিপে কাজের চাপ সবচেয়ে বেশি, অথচ সম্মান সবচেয়ে কম। ৫ হাজার টাকা দিয়ে কি ঢাকায় থাকা, খাওয়া, যাতায়াত চলে? আমরা তো কাজ করেই দিচ্ছি, তাহলে ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করতে এত সমস্যা কোথায়?
সাবিনা ইয়াসমিন নামে আরেক শিক্ষার্থী বলেন, ২০১৮ সালের পর থেকে আমাদের বিএসসি ইন নার্সিং কারিকুলামে একের পর এক পরিবর্তন আনা হয়েছে, কিন্তু এগুলোর বেশিরভাগই বাস্তব চাহিদা বা আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
তিনি আরো বলেন, মূলত সিনিয়র ডিপ্লোমা নার্সদের স্বার্থ রক্ষার জন্য এসব পরিবর্তন হয়েছে— ফলে আমরা যারা নতুন করে বিএসসি কোর্সে ভর্তি হয়েছি, তাদেরকেই বারবার পিছিয়ে পড়তে হচ্ছে। একটি আধুনিক ও একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলা হলেও বাস্তবে সেটা হচ্ছে না। কারিকুলামে বৈষম্য থাকলে আমরা চাকরির বাজারে যেমন পিছিয়ে পড়ব, তেমনি মাস্টার্স বা উচ্চশিক্ষায়ও সুযোগ কমে যাবে। এতে করে পুরো পেশাটাই হুমকির মুখে পড়বে। আমরা এই অব্যবস্থার স্থায়ী সমাধান চাই।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
ইউজিসি ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ, গ্র্যাজুয়েট নার্সদের সরাসরি প্রথম শ্রেণির পদে নিয়োগ, বিএসসি নার্সদের জন্য স্বতন্ত্র অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পাথ প্রণয়ন, ২০১৬ খ্রিষ্টাব্দে গৃহীত নিয়োগ বিধির বাস্তবায়ন, কারিকুলামে সমতা আনয়ন করে ডিপ্লোমা ও বিএসসি শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর করে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু, ইন্টার্নশিপ ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরণ।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে বিএসসি ইন নার্সিং কারিকুলামে একাধিক পরিবর্তন আনা হলেও তা যুগোপযোগী নয় এবং সিনিয়র ডিপ্লোমাধারীদের স্বার্থে নতুন শিক্ষার্থীদের পেছনে ফেলে রাখা হচ্ছে।
কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে। প্রয়োজনে তারা জাতীয় পর্যায়ে অবস্থান কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।













