রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত তালিকা প্রকাশের পর অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টা থেকে কলেজের ওয়েবসাইটে ফরম পূরণ করতে পারছেন।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে ফরম পূরণ ও বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করে ভর্তি সম্পন্ন করতে হবে। ফরম পূরণ শেষে A4 সাইজের সাদা কাগজে ভর্তি ফরমের উভয় পৃষ্ঠা প্রিন্ট করে শিক্ষার্থীদের নিজের কাছে রাখতে হবে। নির্ধারিত সময়ে ভর্তি না হলে আসন বাতিল হবে।
এছাড়া আসন শূন্য থাকলে আগামী ১০ আগস্ট সকাল ১০টায় দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় তালিকায় থাকা কেউ মৌখিক পরীক্ষায় অংশ না নিয়ে থাকলে সেদিনই পরীক্ষা দিতে হবে।
ভর্তি ফি:
বিজ্ঞান বিভাগ (বাংলা): ২০,৬৩৯ টাকা
বিজ্ঞান বিভাগ (ইংরেজি): ৩১,৩৪৫ টাকা
ব্যবসায় শিক্ষা: ১৭,৭১০ টাকা
মানবিক: ১৭,৭১০ টাকা
ফিতে ভর্তি ফি, জুলাই-ডিসেম্বর টিউশন, ড্রেস, খাতা, ব্যাগ, টি-শার্ট, কলম, বোর্ড রেজিস্ট্রেশন এবং ১% অনলাইন ফি অন্তর্ভুক্ত।
চলতি শিক্ষাবর্ষে কলেজে মোট ৩,২৯০ জন শিক্ষার্থী ভর্তি হবে। এর মধ্যে বিজ্ঞান (বাংলা) ১,৮১০ জন, বিজ্ঞান (ইংরেজি) ৩১০ জন, মানবিক ৪১০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০ জন।
উল্লেখ্য, গত ৮ ও ৯ আগস্ট লিখিত পরীক্ষা, ১৩ আগস্ট মৌখিক পরীক্ষা এবং এসএসসির জিপিএর ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয় ১৪ আগস্ট।















