২০২৪-২৫ শিক্ষাবর্ষেও ৯ বিশ্ববিদ্যালয় নিয়েই হবে কৃষি গুচ্ছের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। আগামী ১২ এপ্রিল (শনিবার) তারিখ অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষার নেতৃত্বে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বাকৃবির উপাচার্যের কার্যালয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে ভর্তি পরীক্ষার দিনক্ষণের বিষয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণ, বাকৃবি’ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এবং ভর্তি পরীক্ষাসংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরা।















