এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ২০২৫ খ্রিষ্টাব্দের ঈদ উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার (২৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, স্কুলের ২ লাখ ৭৯ হাজার ৫০০ জন ও কলেজের ৮৪ হাজার ২৫ জন শিক্ষকের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, জানুয়ারির প্রথম ধাপের এমপিও ছাড়ের মেসেজ ৫ মার্চ শিক্ষকদের কাছে পৌঁছেছে। ২৫ ফেব্রুয়ারি স্কুল- কলেজের মোট ৩ লাখ ৪৮ হাজার ৭৬১ শিক্ষক-কর্মচারীর জানুয়ারির এমপিও অনুমোদন দেয়া হয়। তার মধ্যে স্কুলের ২ লাখ ৬৮ হাজার ২৩৪ জন ও কলেজের ৮০ হাজার ৫২৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি (আংশিক-লট-১) মূল বেতনের ৬ শতাংশ অবসরভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৪৮ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৫০৭ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে।
এ ছাড়া মূল বেতনের ৪ শতাংশ কল্যাণ ট্রাস্ট তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত ৩২ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৮৩৮ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে। বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ ৮৪৩ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৯৯০ টাকা ইএফটির মাধ্যমে দেয়ার জন্য মঞ্জুর করা হয়েছে।
তার আগে, সর্বশেষ তৃতীয় ধাপে স্কুল- কলেজের মোট ৮৪ হাজার ৭৭৬ জন শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে। তাদের মধ্যে স্কুলের ৬৫ হাজার ৬৮৩ জন ও কলেজের ১৯ হাজার ৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।











