এমপিওভুক্তির দাবিতে লাগাতার আন্দোলন করছেন দেশের নন-এমপিও শিক্ষকেরা। এ দাবির অংশ হিসেবে এবার প্রেস ক্লাব থেকে যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন তারা। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই পদযাত্রা আরম্ভ হয়।
আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি স্বীকৃতি পেলেও এখনও এমপিওভুক্ত করা হয়নি। ফলে তারা সরকারি বেতন-সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, “আমরা জাতি গঠন করছি, কিন্তু নিজেদের অধিকারই পাচ্ছি না। সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও এখনও এমপিওভুক্ত করা হয়নি। এটি অত্যন্ত হতাশাজনক।”
তারা আরও বলেন, “এক দেশে দুই নীতি চলতে পারে না। আমরা দেশের নাগরিক, মানুষ। আর মানবেতর জীবন আর নয়। এবার দাবি আদায় করেই ফিরবো।”
শিক্ষক নেতারা জানিয়েছেন, এমপিও সুবিধা প্রদান না করা পর্যন্ত তাদের এই লাগাতার আন্দোলন চলবে।










