বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগ পরীক্ষার প্রশ্ন কমন পড়ার প্রলোভন দিয়ে সাজেশন বিক্রির ফাঁদ পেতেছিল একটি প্রতারক চক্র। ২৮০ থেকে ১ হাজার ৬০০ টাকার বিনিময়ে ৫৫০টি প্রশ্নের সাজেশন বিক্রি করছিল তারা।
এমন প্রতারণার অভিযোগে চক্রের মূল হোতা মতিউর রহমানকে (৩২) গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। নন-ক্যাডার পদের এই নিয়োগ পরীক্ষা আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংখ্যাতিরিক্ত (সুপারনিউমারারি) অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার জামালপুরের মেলান্দহ থেকে প্রতারক চক্রের মূল হোতা মতিউর রহমানকে গ্রেফতার করা হয়। তার বাড়ি একই জেলার ইসলামপুরে।
চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে সিক্রেট সাজেশন শিট নামে পোস্ট দিয়ে ৫৫০টি এমসিকিউ প্রশ্নের উত্তর বিক্রির প্রলোভন দেখায়। তারা দাবি করত, সাজেশন থেকে ৮০-৯০ শতাংশ প্রশ্ন কমন পড়বে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে সাজেশন সরবরাহ করা হতো। অনেক প্রার্থী এ প্রলোভনে পড়ে প্রতারিত হয়েছেন।
অভিযোগ পাওয়ার পর পিএসসি বিষয়টি সিআইডিকে জানায়। পরে প্রযুক্তির সহায়তায় মূল হোতাকে শনাক্ত করে সিআইডি জামালপুর জেলা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি তার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট ফরেনসিকভাবে যাচাই করা হচ্ছে।
এ অবস্থায় নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার আশঙ্কা আছে কি না জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দারদুনা বলেন, “এ ঘটনায় পরীক্ষার ওপর কোনো প্রভাব পড়বে না। পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।















