নতুন মন্ত্রিসভায় যোগ দিতে ডাক পেয়েছেন সিরাজগঞ্জের দুই সংসদ সদস্য, যারা সম্পর্কে মামা ও ভাগ্নে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য মন্ত্রিসভায় শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের ফোন করা হয়।
ডাক পাওয়া দুইজন হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে সিরাজগঞ্জ-৬ আসনের এমপি এম এ মুহিত।
এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমানের নাম আলোচনায় রয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে।











