ঢাকা, ৯ নভেম্বর:
নতুন পে স্কেলের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সালেহউদ্দিন আহমেদ বলেন,“একটা কমিটি করেছি ট্যাক্সের ব্যাপারে কিছু ইকোনমিস্ট নিয়ে। তারা স্বাধীনভাবে কিছু সুপারিশ দেবে। একটা পে কমিশনের বিষয় আছে, তবে আমরা এখনই কিছু বলতে পারি না। এটি আমরা শুরু করেছি, কিন্তু নতুন সরকার এসে সেটি বাস্তবায়ন করতে পারে।”
তিনি আরও জানান, নতুন পে কমিশনের কাজের ভিত্তি তৈরি করা হচ্ছে এবং এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে।
আইএমএফের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে উপদেষ্টা বলেন, “আমাদের কাছে যে তথ্য আছে, তা পরবর্তী সরকারের কাছে প্যাকেজ আকারে দেওয়া হবে। ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের সময় আসবে না। রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড় করবে প্রতিষ্ঠানটি।”
দেশের সার্বিক অর্থনীতি সম্পর্কে তিনি বলেন,“মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে বাড়ি ভাড়া ও পরিবহন ব্যয় বেড়েছে। আমরা চেষ্টা করছি পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি স্বাভাবিক, চালের দামও সহনীয় রয়েছে।”
অন্তর্বর্তী সরকারের বৈঠকে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন সার ও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া সরকার অপরিশোধিত তেল আমদানির উদ্যোগ নিয়েছে বলে জানান সালেহউদ্দিন আহমেদ।











