ডেস্ক রিপোর্ট | ঢাকা
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ নিশ্চিত করার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়–এর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বেতন দেরির কারণ খতিয়ে দেখা হবে
শিক্ষামন্ত্রী বলেন,“শিক্ষকদের বেতন যদি দেরিতে হয়, তাহলে বিষয়টি আমরা পর্যবেক্ষণ করবো এবং দ্রুত পরিশোধ নিশ্চিত করার ব্যবস্থা নেবো। কোনো মাসে বিশেষ কোনো কারণে দেরি হয়ে থাকলে, সেটিও আমরা খতিয়ে দেখবো।”
তিনি আরও বলেন, কেন বেতন দেওয়ার ব্যবস্থা থাকা সত্ত্বেও কোনো কোনো সময় তা সময়মতো হচ্ছে না—সে বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
শিক্ষকদের উদ্দেশে কড়া বার্তা
সংবাদ সম্মেলনে শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন,“আপনারা শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন—এটা হতে পারে না। দাবি-দাওয়া থাকতেই পারে। যেভাবে আসার, সেভাবেই আসবে। আমরা সেগুলো অ্যাড্রেস করবো।”
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকরা সরকারের এই বার্তা বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গ
সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন,“এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি কেউ। প্রথম আলোতে শামীমা বিনতে রহমানের একটি অভিযোগ এসেছিল। আমি সেই অভিযোগের পরদিনই সকালে পত্রিকা পড়ে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছিলাম—আপনি প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করবো। কিন্তু সেই সাহসটি তার হয়নি।”
তিনি বলেন,“আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই—এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।”
শিক্ষক সমাজের প্রত্যাশা
শিক্ষক নেতারা বলছেন, মাসের শুরুতেই বেতন পরিশোধ নিশ্চিত হলে শিক্ষকরা আর্থিক নিশ্চয়তা পাবেন এবং শিক্ষা কার্যক্রমে আরও মনোযোগী হতে পারবেন। এখন তারা সরকারের ঘোষণার বাস্তব প্রতিফলনের অপেক্ষায় রয়েছেন।
















