ডেস্ক রিপোর্ট | ঢাকা
দলের সব পদ থেকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়,“দলীয় নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী বক্তব্য এবং কার্যকলাপের কারণে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।”
ভাইরাল ভিডিও ঘিরেই সিদ্ধান্ত
দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ও সদ্য বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়।
ভাইরাল ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়,“বিএনপি ক্ষমতায় গেলে এবং ভোটাররা অন্য কোথাও ভোট দিলে তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দলটির ভেতরে ও বাইরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি বিএনপির নীতিনির্ধারক মহলের নজরে এলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।
আগেই মনোনয়ন বাতিল
উল্লেখ্য, ঋণখেলাপির দায়ে কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন আগেই বাতিল হয়। সর্বশেষ বিতর্কিত বক্তব্যের জেরে এবার তাকে দল থেকেই বহিষ্কার করা হলো।
বিএনপি নেতারা বলছেন, দল কোনোভাবেই সহিংসতা, হুমকি বা গণতন্ত্রবিরোধী বক্তব্যকে প্রশ্রয় দেবে না। দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে।















