স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দুই মাসের আর্থিক অনুদানের চেক ছাড় দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর পর্যন্ত মোট দুই মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সভা স্থগিত
চেকগুলো ১০ ফেব্রুয়ারি অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট শিক্ষকরা আগামী ১৫ ফেব্রুয়ারির পর নিজ নিজ ব্যাংক শাখা থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের দুই মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
















