ডেস্ক রিপোর্ট | ঢাকা
পবিত্র রমজানে সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই বিদ্যালয়ের ছুটি কার্যকর থাকবে।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের আবেদনের শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদেশে বলা হয়, লিভ টু আপিল দায়ের না করা পর্যন্ত হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বহাল থাকবে।
আরো পড়ুন: রমজানের প্রথমার্ধে সৌদি আরবে ১১ দিন স্কুল খোলা
এর আগে রোববার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বিভাগ রুল জারি করেন এবং আদেশ দেন—
সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখতে হবে।
এই আদেশের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে, যার শুনানি আজ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপক্ষের শুনানি: চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং অনীক আর হক।
অনীক আর হক বলেন,“চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়গুলো ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ পুরো রমজান মাস বিদ্যালয় বন্ধ থাকছে না।”
রিট কেন করা হয়েছিল: মাদ্রাসা ও বিদ্যালয়ের রমজানের ছুটি আলাদা হওয়ায় মো. ইলিয়াছ আলী মণ্ডল গত ২০ জানুয়ারি রিট আবেদনটি করেন।
রিটে বলা হয়—বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ মানুষ মুসলমান
সংবিধানের ২ক অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখাই প্রথা,এ কারণে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজানে খোলা রাখার সিদ্ধান্ত সংবিধানসম্মত নয় বলে যুক্তি তুলে ধরা হয়।
২০২৬ সালের মাদ্রাসার খসড়া ছুটির তালিকায়—১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত রমজান, শহীদ দিবস, স্বাধীনতা দিবস, লাইলাতুল কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটি রাখা হয়েছে।
অন্যদিকে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে—৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রমজানকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে।
এই বৈষম্যই রিট আবেদনের মূল কারণ ছিল।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে লিভ টু আপিল শুনানির পর।
















