চলতি বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেয়েদের উত্তীর্ণের হার বেশি। উত্তীর্ণদের মধ্যে ৬৩.১৩ শতাংশই মেয়ে। আর ছেলেদের উত্তীর্ণের হার ৩৬.৮৭ শতাংশ।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন।তাদের মধ্যে গত শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন।
ভর্তি পরীক্ষার পাস নম্বর ছিল ৪০। পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। সে হিসাবে পাসের হার ৪৫.৬২ শতাংশ।
উত্তীর্ণদের মধ্যে ছেলে ২২ হাজার ১৫৯ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬.৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন, যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩.১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫।
কোটাসহ মেডিক্যালে মোট আসন ৫ হাজার ৩৮০টি।সে হিসাবে এই বছর প্রতিটি আসনের জন্য ২৫ জন (২৫.১৪) পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।
এ বছর ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিক্যাল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আরো পড়ুন: এমবিবিএসে প্রথম হওয়া শিক্ষার্থীর নম্বর ৯০.৭৫
আজ রবিবার বিকেল ৪টার দিকে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলবিষয়ক তথ্য প্রকাশ করা হবে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনেও এসএমএস বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফল পাঠানো হবে।
‘বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৩৭২ জন পরীক্ষার্থীকে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
পার্বত্য অঞ্চল ব্যতিত দেশের সমতল অঞ্চলের উপজাতীয় কোটার (কোড নং ৭৭) শিক্ষার্থীদের তালিকা কোটার স্বপক্ষে সনদ/প্রমাণকসমূহ স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর কর্তৃক যাচাইয়ান্তে পরবর্তীতে প্রকাশ করা হবে।
সরকারি মেডিক্যাল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ২ ফেব্রুয়ারি হতে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ২৩ জানুয়ারি প্রকাশিত হবে।











