ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করার অনুমতি নেই—এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, বি১/বি২ (ভিজিটর) ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সীমিত কিছু ব্যবসায়িক কার্যক্রম করতে পারেন। এর মধ্যে রয়েছে—চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা এবং বিভিন্ন সম্মেলন বা মিটিংয়ে অংশগ্রহণ করা।
তবে দূতাবাস স্পষ্টভাবে জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভিজিটর ভিসায় চাকরি করা বা আয়ের সঙ্গে যুক্ত হওয়া যুক্তরাষ্ট্রের ভিসা নীতির সরাসরি লঙ্ঘন।
সতর্কবার্তায় আরও বলা হয়, ভিসার শর্ত সঠিকভাবে মেনে চলা সম্পূর্ণভাবে ভিসাধারীর নিজস্ব দায়িত্ব। ভিসার অপব্যবহার করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতা সৃষ্টি হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে ভিজিটর ভিসার অপব্যবহার বাড়ায় এমন সতর্কতা দিয়েছে মার্কিন দূতাবাস, যাতে ভিসা আবেদনকারী ও ভ্রমণকারীরা আগে থেকেই বিষয়টি সম্পর্কে সচেতন থাকেন।
















