বিশ্বকাপ বয়কট ইস্যুতে লাহোরে জরুরি বৈঠকে আইসিসি

Image

নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। তবে মাঠের লড়াই শুরুর সঙ্গে সঙ্গেই বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। এবারের আসরে বাংলাদেশ খেলছে না, আর ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান।

এই পরিস্থিতিতে বিশ্বকাপ চলাকালীনই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।

বিসিবির একটি সূত্র জানায়, বৈঠকে যোগ দিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল দিবাগত রাত ১টায় লাহোরে পৌঁছেছেন। সভা শেষে আজ বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বৈঠকে চলমান সংকট, বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়া, পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটসহ একাধিক সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এখন দেখার বিষয়, এই বৈঠক থেকে কী ধরনের সিদ্ধান্ত আসে।

সূত্র জানায়, ভারত নিজেদের মাটিতে না খেলার ব্যাপারে অনড় অবস্থানে থাকলেও পাকিস্তান নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল, যা আইসিসি গ্রহণ করেনি। পরে আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে, যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

এরপর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দেয় পাকিস্তান। এই ইস্যুতে আইসিসি ও পিসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। পাকিস্তানকে ভারত ম্যাচ খেলতে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

পিসিবি সভাপতি মহসিন নাকভি শুরুতেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অন্যায্য দাবি করে প্রতিবাদ জানান এবং বিশ্বকাপ বয়কটের হুমকি দেন। পরে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান–ভারত ম্যাচে আইসিসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের বিপুল অঙ্কের আর্থিক লাভ–ক্ষতি জড়িত। সে কারণেই দ্রুত সমাধানে মরিয়া আইসিসি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।