বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দাখিল মাদরাসায় সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ পরীক্ষার আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা নির্ধারণ করা হয়েছে। সুপারিনটেনডেন্ট পদে আবেদনে প্রার্থীর সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে ন্যূনতম ৩ বছরসহ মোট কমপক্ষে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী সুপারিনটেনডেন্ট পদের জন্য সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা ইবতেদায়ি প্রধান হিসেবে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
সূত্রের তথ্য অনুযায়ী, সুপারিনটেনডেন্ট পদে আবেদনের জন্য বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধিভুক্ত মাদরাসা থেকে কামিল ডিগ্রি অথবা ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অনুমোদিত কামিল ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীর সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে ন্যূনতম ৩ বছরসহ মোট কমপক্ষে ৯ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের গ্রেড-৭।
অন্যদিকে, সহকারী সুপারিনটেনডেন্ট পদের জন্য কামিল ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১০ বছরের শিক্ষাকতার অভিজ্ঞতা অথবা ইবতেদায়ি প্রধান হিসেবে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এ পদের গ্রেড-৮।
প্রসঙ্গত, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ২৯ জানুয়ারি। এতে তিন অধিদপ্তর ভিত্তিক শূন্যপদে ৩ থেকে ১৯ ফেব্রুয়ারি মধ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়। ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত টাকা জমা দেয়া যাবে।
বিজ্ঞপ্তিতে পরীক্ষার আবেদনপত্রের লিংক দেয়া হয়েছে। প্রার্থীকে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে জন্য ফরমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি https://ntrca.gov.bd এবং http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
নিয়োগ পরীক্ষার নম্বর বন্টন ও সময়: এমসিকিউ পরীক্ষার সময় ১ ঘণ্টা। নম্বর ৮০। শিক্ষাগত যোগ্যতার সনদ ১২। মৌখিক পরীক্ষায় ৮। মোট নম্বর ১০০ ও পাস নম্বর ৪০ শতাংশ নম্বর পেতে হবে আলাদাভাবে।
মোট ৮০ টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (দশমিক দুই পাঁচ) নম্বর বিয়োগ হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
পরীক্ষার বিষয়গুলো: বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী), প্রশাসনিক ব্যবস্থাপনা (আইন, বিধি-প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশগুলো), আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসার উল্লিখিত বিষয়গুলো।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামি শিক্ষা।















