জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় দফার আবেদন প্রক্রিয়া চলছে। গত সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির (২০২৫-২৬) সচিব অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাওয়ায় বিশ্ববিদ্যালয়টি জিএসটি গুচ্ছে অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে বর্তমানে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে।
উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রথম পর্যায়ের আবেদন শেষ হয় গত ৩০ ডিসেম্বর। প্রথম ও দ্বিতীয়—উভয় পর্যায়ে আবেদন করা শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী সব গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন।
তবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষাকেন্দ্র থাকবে না। দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীরা পূর্বনির্ধারিত কেন্দ্রসমূহের মধ্যে প্রাপ্যতা অনুযায়ী কেন্দ্র নির্বাচন করতে পারবেন। প্রথম পর্যায়ে আবেদনকারীদের পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের সুযোগ নেই।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে gstadmission.ac.bd ওয়েবসাইটে।















