পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জানুয়ারি মাসের বেতন-ভাতা ছাড়ের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এর ফলে আগামীকাল সোমবার থেকেই পর্যায়ক্রমে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে বেতন জমা হতে শুরু করবে।
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩০ জানুয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে যাচাই-বাছাই শেষে বেতন ছাড়ের সরকারি আদেশ জারি করা হয়।
মাউশি সূত্র জানায়, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ করা হবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের ২৭ জানুয়ারির মধ্যে জানুয়ারি মাসের বিল অনলাইনে সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
একই সঙ্গে সতর্ক করে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য প্রদান করার কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠানো না হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।
শিক্ষক-কর্মচারীরা আশা করছেন, নিয়মিত বেতন পরিশোধের এই ধারাবাহিকতা আগামী মাসগুলোতেও বজায় থাকবে।
















