বাসস | ঢাকা
স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদে ৬৭ হাজার শিক্ষক নিয়োগে খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
সোমবার সচিবালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের বেকারত্ব হ্রাস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যোগ্য শিক্ষক নিয়োগ বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার আরও একধাপ এগিয়ে যাচ্ছে।
শিক্ষা উপদেষ্টা জানান, সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক শূন্য পদ রয়েছে। এসব পদে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের লক্ষ্যে এনটিআরসি–কে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। আজ–কালকের মধ্যেই এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে দক্ষ ও প্রতিশ্রুতিশীল শিক্ষকের বিকল্প নেই। আজকের শিক্ষকই আগামী দিনের শিক্ষাব্যবস্থার ভিত্তি রচনা করবেন—এমন বিশ্বাস থেকেই শিক্ষিত ও যোগ্য প্রার্থীদের শিক্ষকতায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষা উপদেষ্টা জানান, গত মাসে এনটিআরসি থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন আসার পর তার নেতৃত্বে একাধিক সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
৬৭ হাজার শিক্ষক নিয়োগে শিগগিরই বিজ্ঞপ্তি: শিক্ষা উপদেষ্টা
















