সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত: প্রজ্ঞাপন জারি

Image

ডেস্ক রিপোর্ট | ঢাকা
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়িয়ে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৫ সালের বেতন স্কেল অনুসারে প্রধান শিক্ষকদের বিদ্যমান ১১তম গ্রেডের (১২,৫০০–৩০,২৩০ টাকা) পরিবর্তে এখন থেকে ১০ম গ্রেডের (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) বেতন কার্যকর হবে। এই গ্রেডে তারা গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন।

এর আগে গত ১০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে নীতিগতভাবে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত জানানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয়টি আলোচনায় আসে। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–এর সচিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড ১১ থেকে ১০-এ উন্নীত করার প্রস্তাব উপস্থাপন করেন।

সভাকে জানানো হয়, একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড ১০-এ উন্নীত করে সরকারি আদেশ জারি করা হয়েছে। সেই ধারাবাহিকতায় অবশিষ্ট সব প্রধান শিক্ষকের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব দেওয়া হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দেয়।

এ ছাড়া অর্থ বিভাগ–এর ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ ও বাস্তবায়ন অনুবিভাগ উভয়ই সম্মতি প্রদান করে এবং সংশ্লিষ্ট ৬৫,৫০২টি পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করা হয়। সব দিক পর্যালোচনা শেষে সভায় সর্বসম্মতভাবে বেতন গ্রেড উন্নীত করার সুপারিশে ঐকমত্য হয়।

চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্ত (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিপালনসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১ থেকে ১০-এ উন্নীত করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।