যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে আটক করল দুদক

Image

ডেস্ক রিপোর্ট | যশোর
যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম–কে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর একটি বিশেষ দল।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিজ কার্যালয়ে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা গ্রহণের সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘুষের টাকাসহ সংশ্লিষ্ট অন্যান্য আলামত জব্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।
পেনশনের টাকা ছাড়ে ঘুষের অভিযোগ
ভুক্তভোগী মোহাম্মদ নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছা উপজেলার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর পেনশন সংক্রান্ত টাকা উত্তোলনের জন্য তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ অনুযায়ী, গত তিন মাস ধরে তাকে বিভিন্ন অজুহাতে ঘোরানো হয়।
একপর্যায়ে তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ৮০ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হন। পরে আরও টাকা দাবি করা হলে তিনি অপারগতা প্রকাশ করেন। কিন্তু ঘুষ না দিলে তার স্ত্রীর পেনশনের টাকা ছাড় করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
নুরুন্নবীর আরও অভিযোগ, খুলনা বিভাগের এক কর্মকর্তার যোগসাজশে তার স্ত্রীর বেসিক বেতনও কমিয়ে দেওয়া হয় এবং তাকে নানাভাবে হয়রানি করা হয়। উপায় না পেয়ে তিনি বিষয়টি দুদকে অভিযোগ করেন।
দুদকের ফাঁদে ধরা
অভিযোগের পর দুদকের নির্দেশনা অনুযায়ী বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর অজুহাতে ১ লাখ ২০ হাজার টাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়। এ সময় আগে থেকেই অবস্থান নেওয়া দুদক যশোরের একটি টিম তাকে হাতেনাতে আটক করে।
দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।