গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই বার্তা পাঠান। মোদি লেখেন, খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন, এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁর দীর্ঘ অবদানের কথা স্মরণ করে দ্রুত আরোগ্য কামনা করেন। প্রয়োজনে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
মোদির এই সদিচ্ছার জন্য বিএনপি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। দলের অফিসিয়াল একাউন্টে বলা হয়, প্রধানমন্ত্রী মোদির শুভকামনা ও সম্ভাব্য সহায়তাকে তারা গভীরভাবে মূল্যায়ন করছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি। ফুসফুসে সংক্রমণের কারণে ভর্তি হলেও পরে তাঁর শারীরিক জটিলতা বৃদ্ধি পায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি–বিদেশি চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে তিনি অনেক দিন ধরেই ভুগছেন। চার মাস লন্ডনে চিকিৎসা শেষে চলতি বছরের ৬ মে দেশে ফেরেন তিনি।
















